শ্রীলঙ্কার পূর্ব উপকূলে নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যেই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে রাতভর গোলাগুলির পর ছয় শিশুসহ ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।
গির্জা-হোটেলসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় একযোগে বোমা বিস্ফোরণের ছয়দিন পর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহের ওই সন্ত্রাসী হামলায় আড়াইশরও বেশি মানুষ নিহত হয়েছে।
সমন্বিত ওই হামলার জন্য ন্যাশনাল তওহীদ জামাত নামে একটি উগ্রবাদী সংগঠনকে দায়ী করছে লঙ্কান সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটও (আইএস) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
নিরাপত্তা বাহিনীর বিস্তৃত অভিযানের মধ্যেই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বাত্তিকোলা শহরের দক্ষিণে আম্পারার সাইন্থুমারুথু এলাকায় সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয় বলে কর্মকর্তারা জানান।
রাতভর চলা এ সংঘাতের এক পর্যায়ে চার বন্দুকধারী ও এক বেসামরিকের মৃত্যুর খবর জানানো হয়েছিল। অভিযান শেষে সকালে মোট ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়।
বাত্তিকোলার যে জায়গায় এ গোলাগুলি হল, তার কাছের একটি স্থাপনাও রোববারের বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল।
দক্ষিণ এশীয় এ দেশটিতে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্কও করেছে। জনসাধারণকে মসজিদ-গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ।
কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিত শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের রোববারের প্রার্থনা ও সব কর্মসূচি বাতিল করেছেন।

No comments:
Post a Comment